মেনলো পার্কে টিকা কেন্দ্র খুলেছে ফেসবুক
চলতি বছরের শুরুতে কোভিড-১৯ টিকা কেন্দ্রের খোঁজ দিতে নতুন টুল নিয়ে আসার খবর জানিয়েছিল সামাজিক মাধ্যম ফেসবুক। ওই টুলের মাধ্যমে কোথায় টিকা নেওয়া যাবে তা জানতে পারতেন আগ্রহীরা। এ ছাড়াও নিজেদের ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কোভিড-১৯ তথ্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।
আর এবার নিজেদের প্রধান কার্যালয়কেই কোভিড-১৯ টিকা কেন্দ্রে পরিণত করলো ফেসবুক। র্যাভেনসউড ফ্যামিলি হেলথ সেন্টারের সঙ্গে মিলে সাজানো হয় এই টিকা কেন্দ্রটি।
বেলে হ্যাভেন, ইস্ট পালো অল্টো এবং নর্থ ফেয়ার ওকস এলাকার পঞ্চাশর্ধ্বো অধিবাসীদের জন্য শনিবার থেকে খোলা হয়েছে এই টিকা কেন্দ্রটি। কেন্দ্রে আসার জন্য আধা ঘণ্টা অন্তর পরিবহন ব্যবস্থাও করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের পাবলিক পলিসি ম্যানেজার অ্যাশলে কুইন্টানা এক সাক্ষাৎকারে বলেছেন, "কমিউনিটির সদস্যদের এসে টিকা নেওয়ার জন্য আমাদের দরজা খুলতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত।"
আর যুক্তরাষ্ট্র সরকারের টিকা দান প্রচেষ্টাকে আরও জোরদার করার কর্মসূচীতে যোগ দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
তিনি লিখেছেন, “আমরা অঙ্গরাজ্যের চারটি প্রবল তোপের মুখে পড়া অঞ্চলে মোবাইল ভ্যাকসিনেশন ক্লিনিক সমর্থনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং স্থানীয় অলাভজনক সংস্থার সঙ্গেও যোগ দিচ্ছি।”
এর আগে আগামী মে থেকে এই নিজেদের প্রধান কার্যারয়টি খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলো ফেসবুক কর্তৃপক্ষ। রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী, কার্যালয়টি খুলে দিলেও শুরুতে শুধু ১০ শতাংশ জনশক্তিকে কার্যালয়ে যোগ দিতে দেবে তারা।